মার্চ ৭, ২০২৬, ১০:৩৫ পিএম
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার এক বাণীতে তিনি বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এ বছরের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বিশ্বের জনসংখ্যার অর্ধেক নারী হওয়ায় তাদের রাষ্ট্র ও রাজনীতির মূলধারার বাইরে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন।
তিনি উল্লেখ করেন, শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে নারী বিষয়ক দপ্তর এবং ১৯৭৮ সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়। নারীর ক্ষমতায়নে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর বিষয়টিকে একটি বৈক্ষম্যহীন ও বৈপ্লবিক সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেন তিনি।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এছাড়া নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান, উচ্চশিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি এবং ডিজিটাল লার্নিং সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নারীর নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করে তিনি সাইবার বুলিং ও অনলাইন হয়রানি বন্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন যেখানে নারী-পুরুষ সমান মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন