মার্চ ৯, ২০২৬, ০২:৫০ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার বোন মাসুমা হাদি। সোমবার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান। মাসুমা হাদি বলেন, পুরো গ্যাং যেন সামনে আসে এবং জড়িত প্রত্যেককে যেন বিচারের আওতায় আনা হয়।
প্রধান আসামি ফয়সাল যেন এই মামলার একমাত্র বলির পাঁঠা না হয়। তার মতে, কেবল ফয়সালকে সাজা দিয়ে নেপথ্যের কুশীলবদের আড়াল করা হলে তা প্রকৃত ন্যায়বিচার হবে না।
হাদি হত্যাকাণ্ডের প্রায় আড়াই মাস পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তবে এই গ্রেপ্তারের খবরে পরিবার পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। মাসুমা হাদি অভিযোগ করেন যে, ফয়সাল একজন পেশাদার শুটার মাত্র।
তাকে কে নির্দেশ দিয়েছে, কারা অর্থ জোগান দিয়েছে এবং কারা এর আগে তাকে কারাগার থেকে জামিনে বের করতে সহায়তা করেছে, সেসব বিষয় অধিকতর তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। ফয়সালের সাজা নিশ্চিত করার পাশাপাশি পর্দার আড়ালের মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগ চলাকালে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়।
ডিবি পুলিশ তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ছাত্রলীগ কর্মীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলেও মামলার বাদী পক্ষ তাতে নারাজি দাখিল করে। বর্তমানে আদালত মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছে। মাসুমা হাদি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন