মার্চ ১৪, ২০২৬, ০৫:৫৭ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত উপকমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার মোট ১০ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে নতুন করে পদায়ন করা হয়েছে। শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক দুটি আদেশের মাধ্যমে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তদারকি জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।ডিএমপি সদর দপ্তরের আদেশ অনুযায়ী সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েবকে গোয়েন্দা লালবাগ বিভাগ থেকে মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
একইভাবে গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার এম এম সবুজ রানাকে উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ জোনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক মতিঝিল বিভাগের রামপুরা জোনে এবং ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও তৌফিক আহমেদকে খিলগাঁও জোনে এবং জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক সবুজবাগ জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল জোনে মো. সাইদুর রহমান শেখ এবং ট্রাফিক ধানমন্ডি জোনে শুভ্র দেবকে পদায়ন করা হয়েছে। উত্তরা পশ্চিমের পেট্রোল ইউনিটে হাসান রাশেদ পরাগ এবং ট্রাফিক ডেমরা জোনে এ কে এম নছরুত হাসানকে বদলি করা হয়েছে।
ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে এই আদেশ জনস্বার্থে এবং অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এসব কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন