রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মার্চ ১৮, ২০২৬, ০৭:৩৬ পিএম

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর দেশে এটিই তার প্রথম ঈদ উদযাপন। 

গত বছরের ডিসেম্বরে সপরিবারে দেশে ফেরার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ধারাবাহিকভাবে তিনি মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী, সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। 

এছাড়া দেশের সাধারণ জনগণের সঙ্গেও তিনি সরাসরি শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানানো হয়েছে।শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে যাবেন। সেখানে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করবেন। 

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন। উল্লেখ্য যে দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার এই ঈদ উদযাপনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।