বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জ্বালানি সংকট ও চোরাচালান রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

জাতীয় ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০৮:২৪ পিএম

জ্বালানি সংকট ও চোরাচালান রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

সংসদ ভবনে ব্রিফিং

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি এবং সীমান্ত দিয়ে চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি প্রদানের বিষয়টি উল্লেখ করে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।

বৈঠকের আলোচনার বিষয়ে চিফ হুইপ জানান যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সরকার নিরলস কাজ করছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকার বিশাল অংকের ভর্তুকি দিয়ে তেলের দাম সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছে। 

কিন্তু কিছু অসাধু চক্র এই পরিস্থিতির সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে এবং পাচারের মাধ্যমে মুনাফা লাভের চেষ্টা করছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে সারা দেশে চিরুনি অভিযান চালানোর কঠোর নির্দেশনা দিয়েছেন। কোনো অবস্থাতেই যেন জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা ব্যাহত না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।সংসদীয় কমিটির বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং সংরক্ষিত নারী আসনের বিল নিয়েও আলোচনা হয়েছে। 

চিফ হুইপ জানান যে এসব বিষয়ে আগামীকালের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে এবং আগামী ৩০ মার্চের মধ্যে প্রয়োজনীয় রিপোর্ট পেশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব দুর্ঘটনার কারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে গৃহীত পদক্ষেপগুলো কমিটিকে অবহিত করেছেন। সভার শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।