মার্চ ৩০, ২০২৬, ১২:১১ পিএম
জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং পাচার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। দেশে অবৈধভাবে জ্বালানি তেল মজুতকারীদের শনাক্ত করতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে তথ্য প্রদানকারীকে ১ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও দীর্ঘদিনের। এসব অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনে এই পুরস্কারের ঘোষণা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে পুরস্কারের অর্থ সরাসরি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে তেলের সরবরাহ ব্যাহত করছে, তাদের শনাক্ত করতেই এই আর্থিক পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তেল পাচার বা মজুতের মতো অপরাধ দমনে জনগণের সরাসরি সংশ্লিষ্টতা অপরাধীদের শনাক্ত করা সহজ করবে।
সংশ্লিষ্ট বিভাগ আরও জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। স্থানীয় পর্যায়ের প্রশাসনের মাধ্যমে তথ্য প্রদানকারীর গোপনীয়তা বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। মূলত বাজারে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং পাচারকারীদের নেটওয়ার্ক ভেঙে দিতেই এই বিশেষ পুরস্কারের সিদ্ধান্ত কার্যকর করা হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন