অক্টোবর ৩১, ২০২৬, ০৯:৪০ এএম
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ শনিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্য দিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।
মন্ত্রণালয়ের এই আনুষ্ঠানিক আয়োজনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব এবং সবকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল বার্তার মাধ্যমে তা জানতে পারবেন।
পরীক্ষার্থীরা তিনটি পৃথক মাধ্যমে তাদের ফল সংগ্রহ করতে পারবেন।
অনলাইনে ফলাফল দেখতে eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। মোবাইল ফোন থেকে ফলাফল জানতে যে কোনো অপারেটরের বার্তা অপশনে গিয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও ফলাফল পাওয়া যাবে।
চলতি বছর ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পূর্বনির্ধারিত সূচি অনুসারে ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন করা হয় এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ শেষ হয়।
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ রাখা হয়েছে।
আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে পুনর্নিরীক্ষণের সব আবেদন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। কোনো ধরনের ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের জন্য শিক্ষার্থীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর `সাবমিট` বাটনে ক্লিক করে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, যাতে পরবর্তীতে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীকে জানানো যায়।
পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে এবং সেখান থেকে যে বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে চান তা নির্বাচন করতে হবে। প্রতিটি পত্রের পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। যেসব বিষয়ের দুটি পত্র রয়েছে, সেগুলোতে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
আবেদন ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় এবং সোনালী সেবার মাধ্যমে। ফি পরিশোধ শেষে পোর্টালে ফিরে `জমা দিন` বাটনে ক্লিক করলেই প্রক্রিয়াটি চূড়ান্ত হবে।
ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা সংশোধন করা যাবে। কোনো বিষয় বাদ দিতে চাইলে `মুছে ফেলুন` অপশন ব্যবহার করে নতুন করে বিষয় নির্বাচন করা সম্ভব। তবে শিক্ষা বোর্ড স্পষ্ট জানিয়েছে, ফি পরিশোধের পর কোনো আবেদন বাতিল করা যাবে না এবং পরিশোধিত ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন