রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকায় হচ্ছে আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাব: সমাজকল্যাণ মন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ১১:১৩ পিএম

ঢাকায় হচ্ছে আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাব: সমাজকল্যাণ মন্ত্রী

আধুনিক হচ্ছে ডিএনএ ল্যাব

রাজধানী ঢাকায় আন্তর্জাতিক মানের একটি আধুনিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন করার ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এই তথ্য জানান। 

ঢাকার প্রায় আড়াই কোটি মানুষের প্রয়োজন এবং ক্রমবর্ধমান ফরেনসিক পরীক্ষার চাহিদাকে গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।মন্ত্রী জানান, বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি রয়েছে, তার যন্ত্রপাতি ১৫ বছরেরও বেশি পুরনো। 

দীর্ঘদিনের ব্যবহারের ফলে এসব যন্ত্রের কার্যকারিতা অনেক কমে গেছে। তিনি বলেন, "নমুনা বিশ্লেষণের গুণগত মান, বিশুদ্ধতা এবং শতভাগ নির্ভুলতা নিশ্চিত করতে হলে আমাদের নতুন ও আধুনিক মেশিন স্থাপন করা এখন সময়ের দাবি।"

সভায় সভাপতিত্বকালে ডা. জাহিদ হোসেন আরও জানান, শুধু ঢাকা নয়, পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় পর্যায়ের ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিগুলোকে পূর্ণাঙ্গ এবং স্বয়ংসম্পূর্ণ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে। এছাড়া সকল ফরেনসিক ডিএনএ রিপোর্ট এবং নমুনার তথ্য একটি সমন্বিত কেন্দ্রীয় ডাটাবেজের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন তিনি, যা ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পরিচালিত হবে।

উল্লেখ্য, ২০০৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে এর সেবা ছড়িয়ে দিতে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর ও ময়মনসিংহে আরও ৮টি স্ক্রিনিং ল্যাবরেটরি স্থাপন করা হয়। নতুন এই আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে এই ল্যাবগুলোর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

উপদেষ্টা পরিষদের এই সভায় ডিএনএ ল্যাবরেটরির প্রয়োজনীয় জনবল নিয়োগ, ডিএনএ আইন ও বিধিমালার সংশোধন, নমুনা বিশ্লেষণের ফি নির্ধারণ এবং দক্ষ বিশেষজ্ঞ তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীন এনডিসি, অধিদপ্তরের মহাপরিচালক শবনম মোস্তারীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।