মে ২৬, ২০২৬, ০২:০৫ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। মঙ্গলবার এক শুভেচ্ছা বাণীতে তারা নিজ নির্বাচনী এলাকার জনগণের পাশাপাশি সারা দেশের মুসলমানদের প্রতি এই বার্তা পৌঁছে দেন। তারা ঈদের আনন্দ ও ত্যাগের মহিমা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ঈদুল আজহা কেবল পশু কোরবানির উৎসব নয়।মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাণীতে উল্লেখ করেন, এটি ত্যাগ, আত্মসমর্পণ, মানবতা এবং সামাজিক দায়বদ্ধতার এক মহিমান্বিত শিক্ষা।
জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি করে থাকেন। তবে এর প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ বিকাশের বার্তা নিহিত রয়েছে। আর্তমানবতার পাশে দাঁড়ানোই এই উৎসবের অন্যতম শিক্ষা।
বর্তমান সময়ে ঈদুল আজহার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।হিংসা, বিদ্বেষ, অসহিষ্ণুতা এবং সামাজিক বৈষম্য দূর করতে মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তারা। ঈদুল আজহা মানুষকে ন্যায়ভিত্তিক ও সহমর্মী সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়।
হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের অনন্য দৃষ্টান্ত অনুসরণ করে নিজেদের জীবন পরিচালনার বার্তা দেন মন্ত্রীদ্বয়। তারা সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।ঈদের এই আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন