রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ০৯:৫৪ এএম

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা এবং নারী শিক্ষাসহ দেশগঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারের তালিকায় শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা খাতের বিশিষ্টজনদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিলকে মরণোত্তর সম্মাননা দেওয়া হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ সাফল্যের জন্য সাবেক সচিব এবং ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিমকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। 

সাহিত্যে আশরাফ সিদ্দিকী ও সংস্কৃতিতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতকে এ সম্মাননায় ভূষিত করা হবে। সংগীতের ক্ষেত্রে বশীর আহমেদ এবং ক্রীড়াঙ্গনে কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু এবার স্বাধীনতা পদক পাচ্ছেন।সমাজসেবায় অসামান্য অবদানের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীকে মরণোত্তর সম্মাননা জানানো হচ্ছে। তার পাশাপাশি মো. সাইদুল হক এবং রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষক মাহেরীন চৌধুরীকেও মরণোত্তর পদক দেওয়া হবে। 

এ ছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান এবং গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এই রাষ্ট্রীয় পদক পেতে যাচ্ছেন। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য আব্দুল মুকিত মজুমদার বাবুকেও মনোনীত করা হয়েছে।ব্যক্তি পর্যায়ের পাশাপাশি ৫টি প্রতিষ্ঠানকেও এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকার জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

উল্লেখ্য যে, ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে স্বাধীনতা পদক প্রদান করে আসছে সরকার। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা, ৫ লাখ টাকার চেক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে। আজকের অনুষ্ঠানে সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।