এপ্রিল ২৬, ২০২৬, ০২:১২ পিএম
রাত পোহালেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য এই একদিনের সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উদ্দীপনা ও সাজসাজ রব তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনী বার্তা পেয়ে যশোর জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো নিজেদের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।
দীর্ঘ প্রতীক্ষিত এই সফরকে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে এক ধরণের নতুন প্রাণের সঞ্চার হয়েছে।প্রধানমন্ত্রীর সরকারি সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন।
যশোরে পৌঁছানোর পর সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করবেন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এরপর তিনি সরাসরি শার্শা উপজেলায় চলে যাবেন বলে জানা গেছে। সেখানে তিনি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ উলশী খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং একই এলাকায় আয়োজিত সুধী সমাবেশে স্থানীয় বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করবেন।
সফরের মধ্যাহ্নে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন এবং পরে যশোর মেডিকেল কলেজ পরিদর্শনে যাবেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্যসেবার মান ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করার কথা রয়েছে। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে বিকেলবেলা যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভাকে। সেখানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এই জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।
সফরের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নিশ্ছিদ্র করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকেও বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুরো শহরকে তোরণ, ব্যেনার ও ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা দেবেন। এই সফরের মাধ্যমে দক্ষিণবঙ্গের উন্নয়ন অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন