রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট প্রাণহানি ৬

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৩:০৫ পিএম

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট প্রাণহানি ৬

ফলো করুন দিনাজপুর টিভি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে সর্বমোট ৬ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করলেন। মঙ্গলবার মক্কার বাংলাদেশ হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

হজ অফিস জানিয়েছে, সর্বশেষ সোমবার মদিনায় মারা গেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আব্দুল হাই (৬১)। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

একই দিনে মক্কায় ইন্তেকাল করেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তারা দুজনেই স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানানো হয়েছে।চলতি মৌসুমে মারা যাওয়া ৬ জন হজযাত্রীর মধ্যে ৫ জন মক্কায় এবং ১ জন মদিনায় মারা গেছেন। 

এর আগে দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান, ময়মনসিংহের মো. সেরাজুল হক, টাঙ্গাইলের মো. আবুল কাশেম এবং জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল মৃত্যুবরণ করেছিলেন। মারা যাওয়া ছয়জনই পুরুষ।ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজ ফ্লাইট কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত মোট ৯২টি ফ্লাইটে ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন গিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত আব্দুল হাইয়ের মৃত্যুর বিষয়টি তার স্ত্রী সমসাদ আরা রেবা নিশ্চিত করেছেন। আব্দুল হাই সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে মারা যান। মৃত হজযাত্রীদের সৌদি আরবে দাফন করার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে হজ অফিস সূত্রে জানা গেছে।