সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:০২ পিএম
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে সামরিক বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, দেশের ভূখণ্ড রক্ষা করা এবং হুথিদের পরাজিত করতে সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দায়িত্ব। একই সঙ্গে সেনাদেরকে দেশের শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ পুরোপুরি মেনে চলার আহ্বান জানান তিনি।
এই বিরল ও কঠোর বার্তায় আত্মত্যাগের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনের আয়াত এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে। সৌদি আরব ও হুথিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা ক্রমবর্ধমান সহিংসতার তীব্রতার প্রেক্ষাপটে এই ধর্মীয় দিকনির্দেশনাটি সামনে এলো। বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই মহান রাষ্ট্রকে রক্ষা করা এবং এর ভূখণ্ডের এক ইঞ্চি জায়গাতেও হাত দেওয়ার চেষ্টাকারীকে শাস্তি দেওয়া অন্যতম শ্রেষ্ঠ দায়িত্ব ও পুণ্যের কাজ। এজন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে জীবন ও প্রাণ উৎসর্গ করা যেতে পারে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে হুথি গোষ্ঠীর সম্পূর্ণ পরাজয় কামনা করা হয়। একই সাথে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের বৈধ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। বিবৃতিতে বলা হয়, সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা যেন তিনি সবাইকে সহায়তা প্রদান করেন এবং সৌদি আরব ও প্রিয় ইয়েমেনকে সব ধরনের ক্ষতি থেকে সুরক্ষিত রাখেন। পাশাপাশি হুথি গোষ্ঠী এবং যারা তাদের সহায়তা ও সমর্থন জোগায়, তাদের যেন সম্পূর্ণ পরাজয় নিশ্চিত হয়, সেই দোয়াও করা হয়।
সৌদি আরব ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে নেতৃত্ব দিচ্ছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিপরীতে সৌদি জোটের বিমান হামলা বেড়ে যাওয়ায় এই সীমান্ত সংঘাত আবারও তীব্র আকার ধারণ করেছে। সৌদি গ্র্যান্ড মুফতির এমন জোরালো বার্তার পর সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে হুথিদের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন