রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রূপপুর পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার সহায়তায় ২৪টি পরিবেশ মনিটরিং স্টেশন স্থাপন

জাতীয় ডেস্ক

মে ৮, ২০২৬, ১২:০২ পিএম

রূপপুর পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার সহায়তায় ২৪টি পরিবেশ মনিটরিং স্টেশন স্থাপন

রূপপুরে স্থাপিত মনিটরিং স্টেশন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিবেশগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য ২৪টি অটোমেটেড ইমার্জেন্সি রেসপন্স মনিটরিং সিস্টেম (এইআরএমএস) স্টেশন স্থাপন করা হয়েছে। রাশিয়ার সহায়তায় স্থাপিত এই ব্যবস্থার মাধ্যমে ওই এলাকার বাতাস, মাটি, পানি এবং খাদ্যপণ্যের মান নিয়মিত যাচাই করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই বিদ্যুৎকেন্দ্রের সংরক্ষিত এলাকা গ্রিন সিটিতে এইআরএমএস-এর একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্ল্যান্ট সংলগ্ন এলাকার ঘাস, দুধ ও সবজির গুণাগুণ পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এখান থেকে বিকিরণের মাত্রাও সুনিপুণভাবে পরিমাপ করা সম্ভব হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এইআরএমএস স্টেশনগুলো প্রকল্পের চারপাশের বিভিন্ন এলাকায় বসানো হয়েছে। এমনকি রাজধানীর ঢাকাতেও একটি সুউচ্চ পরিমাপক টাওয়ার স্থাপন করা হয়েছে। 

রাশিয়ার পক্ষ থেকে এই সুবিধাটি সম্পূর্ণ বিনামূল্যে নির্মাণ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।বিশেষজ্ঞরা বলছেন, বিগত ১০ বছরের পরিবেশগত উপাত্ত ইতিমধ্যে এই কেন্দ্রের তথ্যভাণ্ডারে সংগ্রহ করা রয়েছে। যদি ভবিষ্যতে কোনো কারণে বিকিরণ বা রেডিয়েশন ছড়িয়ে পড়ে, তবে এই তথ্যকেন্দ্রের মাধ্যমে তা তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হবে। নির্দিষ্ট সময় পরপর সাধারণ মানুষকেও এসব তথ্যের আপডেট জানানো হবে বলে প্রকল্প সূত্র নিশ্চিত করেছে।

প্রকল্প পরিচালক আরও উল্লেখ করেন, বিশ্বের অন্যান্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেশনে পরিবেশগত প্যারামিটারে বড় কোনো পরিবর্তন হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। তবুও স্থানীয় মানুষের মধ্যে আস্থা তৈরি করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই ২৪টি পর্যবেক্ষণ স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কেন্দ্রে কর্মরতদের জন্য বিশেষ বিকিরণ পরিমাপক যন্ত্রও স্থাপন করা হয়েছে।