মে ১০, ২০২৬, ০৭:২৯ পিএম
সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ সদস্যদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার।
এই সুবিধা ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদ পর্যন্ত সকল সদস্য পাবেন।রোববার (১০ মে) শুরু হওয়া পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও চাপের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে।
এর পাশাপাশি উন্নত চিকিৎসা নিশ্চিতে নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।আবাসন ও অবকাঠামোগত সংকট দূর করতেও সরকারের অগ্রাধিকার রয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় ও আবাসন সুবিধা উন্নয়নে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও অর্থ বরাদ্দের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এর আগে সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং বাহিনীর উদ্দেশ্যে দিকনির্দশনামূলক বক্তব্য দেন। পরে তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে কল্যাণ সভায় যোগ দেন। মূলত পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন