রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মব কালচার পুরোপুরি বন্ধে বিদ্যমান আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ১০, ২০২৬, ০৭:৫৯ পিএম

মব কালচার পুরোপুরি বন্ধে বিদ্যমান আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সংগতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবি পূরণ করা হবে। মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। 

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।পদোন্নতির বিষয়ে মন্ত্রী জানান, বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল ৪০ বছর চাকরি করে অবসর নিলেও পরবর্তী পদোন্নতি পান না। 

এ জন্য বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে কিছুসংখ্যক পুলিশ সদস্যকে কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) এবং উপপরিদর্শক (এসআই) থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেওয়া হবে।

অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা প্রদানের কথা সরকার ভাবছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, পুলিশের ইন্সপেক্টর থেকে নিম্নে কনস্টেবল পদ পর্যন্ত ওভারটাইম ভাতা প্রদানের বিষয়টি বিবেচনা করা হতে পারে। এটি সদস্যদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে এবং প্রয়োজনে আরও উন্নত হাসপাতাল নির্মাণ করা হবে। এ ছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের আবাসন সমস্যা দূরীকরণে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বিগত দুই মাসে দেশের পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন বদলে যাওয়ায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী আইন প্রণয়ন করা হবে। মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। সালাহউদ্দিন আহমদ পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।