রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

২৭তম বিসিএসের ৯৬ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

জাতীয় ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৩:২০ পিএম

২৭তম বিসিএসের ৯৬ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

২৭তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন জারি

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে-এর মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।

 নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে।নিয়োগের শর্তাবলী অনুযায়ী, জ্যেষ্ঠতা সংক্রান্ত সুবিধা অক্ষুণ্ন রাখার স্বার্থে এই ৯৬ জনের ক্ষেত্রে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন যে তারিখে জারি করা হয়েছিল, সেই তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হবে। 

অর্থাৎ ব্যাচের প্রথম নিয়োগের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা গণনা করা হবে। তবে এই ভূতাপেক্ষিক কার্যকারিতার কারণে তারা কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় মোট ৩ হাজার ৫৬৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে এবং দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা গ্রহণ করে।প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে উচ্চ আদালতে রিট আবেদন করেন। সেই আইনি প্রক্রিয়ায় ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে। পরে সেই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রথম দফায় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় এবার আরও ৯৬ জনকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এর মাধ্যমে দীর্ঘ দেড় যুগের আইনি লড়াই ও প্রতীক্ষার অবসান ঘটলো এই বঞ্চিত প্রার্থীদের।