শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. রেজাউল হক আর নেই

জাতীয় ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৮:৫০ পিএম

নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. রেজাউল হক আর নেই

ছবি - সংগৃহীত

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক বাংলাদেশি বিজ্ঞানী ও কলোরাডো স্টেট ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক ড. এম রেজাউল হক মারা গেছেন। বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া এলাকার এই কৃতী বিজ্ঞানী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। নাসায় যোগদানের আগে তিনি কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। 

পরবর্তীতে তিনি নাসায় যোগ দেন এবং কয়েক বছর আগে সেখান থেকে অবসর গ্রহণ করেন।ব্যক্তিজীবনে ড. এম রেজাউল হক স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন করা হবে।

ড. রেজাউল হকের পারিবারিক পরিচয় থেকে জানা যায়, তিনি ছিলেন নয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। তার বাবা ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা আনোয়ারা খাতুন। তার বড় ভাই ছিলেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। তার আরেক ভাই প্রয়াত ড. এম এনামুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

বর্তমানে তার ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কর্মরত।এই কৃতি বিজ্ঞানীর মৃত্যুতে তার জন্মভূমি রাজশাহীর গোদাগাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার জুমার নামাজের পর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।