বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশ নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ জন নবীন নাবিক

জাতীয় ডেস্ক

মে ২১, ২০২৬, ০৩:৫০ পিএম

বাংলাদেশ নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ জন নবীন নাবিক

নবীন নাবিকদের শপথ

জাতীয় পতাকার প্রতি গভীর আনুগত্য ও দেশরক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন এ-২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক। বৃহস্পতিবার (২১ মে) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে এক মনোজ্ঞ শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপ্ত হয়। 

এই বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।পরবর্তীতে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে বিভিন্ন পদক ও পুরস্কার বিতরণ করেন।

এ-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে পেশাগত সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে মো. শাহরিয়ার টুটুল সেরা চৌকস নাবিক হিসেবে মর্যাদাপূর্ণ ‘নৌপ্রধান পদক’ লাভ করেছেন। এছাড়া মো. সামিউল ইসলাম শাকিল দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. কাদের মিয়া তৃতীয় হয়ে ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করেছেন। 

সেরা চৌকস নারী নাবিকের গৌরবময় ‘প্রীতিলতা ওয়াদ্দেদার’ পদক লাভ করেছেন মোছা. মারিয়া আক্তার। এই আনুষ্ঠানিকতার মাধ্যমে নবীন নাবিকরা নৌবাহিনীর গৌরবময় অঙ্গনে অন্তর্ভুক্ত হয়ে দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিয়েছেন।দেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে এই নবীন নাবিকরা আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান তার ভাষণে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন এবং ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির চলমান আধুনিকায়নের কথা তুলে ধরেন। তিনি সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন নাবিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কড়া নির্দেশনা দেন। এ সময় নৌবাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।