রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সচিবের সই ছাড়াই প্রকল্প পাশের অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ

জাতীয় ডেস্ক

মে ২৩, ২০২৬, ১০:৪৬ পিএম

সচিবের সই ছাড়াই প্রকল্প পাশের অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সচিবের স্বাক্ষর ছাড়া জোর করে ফাইল পাশের অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। 

সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়মের তদন্তে সাত সদস্যের কমিটি গঠনের পর প্রতিমন্ত্রী মীর শাহে আলম আসিফের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন।নিজের অবস্থানের পক্ষে প্রমাণ হিসেবে ফাইলটি জনসমক্ষে প্রকাশের জন্য প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আসিফ মাহমুদ।

আসিফ বলেন, কোনো ফাইল সচিবের টেবিল না হয়ে সরাসরি উপদেষ্টা বা মন্ত্রীর টেবিলে আসা অসম্ভব। তিনি প্রতিমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি শেয়ার করুন কোন ফাইলে সচিবের অগোচরে উপদেষ্টা স্বাক্ষর করেছেন। 

কোনো অনিয়ম করে থাকলে তা জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে বলেও মন্তব্য করেন তিনি। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজন হলে টিভি চ্যানেলের সরাসরি আলোচনায় বসারও প্রস্তাব দেন তিনি।সংবাদ সম্মেলনে পিরোজপুরের একটি উন্নয়ন প্রকল্পের বিষয়েও অনিয়মের অভিযোগ এনেছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে টেন্ডারের পর কাজ না করেই ছয় হাজার কোটি টাকা তুলে নেওয়ার কথা জানানো হয়। 

তবে আসিফ মাহমুদ পাল্টা দাবি করেন, ওই দুর্নীতির ঘটনা তার দায়িত্ব পালনের সময় মন্ত্রণালয়ই তদন্ত করে বের করেছিল এবং পরে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হয়েছিল।তিনি দাবি করেন, তদন্ত কমিটির মাধ্যমেই ওই দুর্নীতি ও টাকার পরিমাণ বের করে দুদককে অবহিত করা হয়েছিল। এখন সরকারি পর্যায়ে ফাইলগুলো উন্মুক্ত করলেই সব স্পষ্ট হয়ে যাবে। স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন দপ্তরগুলোতে অনিয়ম তদন্তে বর্তমানে কাজ চলছে।