জুন ৫, ২০২৬, ০৫:৩২ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাম্প্রতিক এক জরিপে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সংস্থাটির আওতাধীন ৬০ থেকে ৮০ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভার উপস্থিতি শনাক্ত হয়েছে।শুক্রবার সকালে ওয়ারীর এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম।
রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখনও কাটেনি বলে তিনি জানান। বাসাবাড়ি, ছাদ, আঙিনা কিংবা আশপাশের যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ করার তাগিদ দিয়েছেন তিনি। নাগরিকরা সচেতন ও সক্রিয় ভূমিকা পালন না করলে শুধু সিটি করপোরেশনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
এডিস মশার বিস্তার রোধে নাগরিকদের অংশগ্রহণ জরুরি।ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদের কোণা কিংবা অন্যান্য জলাধারে পানি জমতে না দিলে মশার প্রজনন অনেকখানি কমানো সম্ভব। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা বাড়ানো এবং হকারদের পুনর্বাসনের বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। ভবিষ্যতে নগর সেবার মান উন্নয়নে জনবান্ধব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
জরিপের এই তথ্য স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।বিশেষজ্ঞদের মতে, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে নগরীতে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরো বাড়বে। পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমেই মূলত এই ঝুঁকি কমানো সম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন