সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৬, ১০:৫১ এএম

জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানের কাদুগলিতে দায়িত্ব পালনকালে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত করা হয়েছে। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। আন্তর্জাতিক শান্তি রক্ষায় তাদের সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ মর্যাদা দেওয়া হলো।

সুদানের মিশনে দায়িত্ব পালনকালে তারা প্রাণ দিয়েছিলেন।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহতদের পক্ষ থেকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে পদকগুলো তুলে দেন। 

সম্মাননাপ্রাপ্ত শান্তিরক্ষীরা হলেন মো. মাসুদ রানা, মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা এবং সান্তো মন্ডল। তারা গত বছর ডিসেম্বরে এক ড্রোন হামলায় দায়িত্ব পালনকালে নিহত হন। অনুষ্ঠানে সব মিলে ৩৩টি দেশের ৬৮ জন শান্তিরক্ষীকে এই মরণোত্তর পদক দেওয়া হয়েছে।

শান্তিরক্ষীদের এই ত্যাগের কথা বিশ্ববাসী শ্রদ্ধাভরে স্মরণ করছে।অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে মিশনে নিহত চার হাজার ৫০০ শান্তিরক্ষীর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। 

বর্তমানে বিশ্বজুড়ে কর্মরত ৫০ হাজার শান্তিরক্ষীর অবদানের কথাও তিনি উল্লেখ করেন। পরে রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী শোক বইতে স্বাক্ষর করে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।