জুন ৭, ২০২৬, ১০:২০ এএম
আজ রোববার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। বেলা তিনটায় এই অধিবেশন শুরু হবে। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ জুন নতুন অর্থবছরের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করা হবে। অধিবেশন ঘিরে বিরোধী দল ও ১১ দলীয় ঐক্য বেশ সোচ্চার থাকার ইঙ্গিত দিয়েছে।
বাজেট পেশের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ইসলামী ব্যাংকে বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগের মতো বিষয়গুলো সংসদে তুলতে চায় বিরোধী দল।
সংসদীয় রাজনীতির পাশাপাশি রাজপথেও তাদের কর্মসূচি চলমান থাকবে।বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি জামায়াতে ইসলামীসহ অন্যান্য শরিক দলগুলো বিক্ষোভ করেছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জনস্বার্থে সংসদে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবে তার দল। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে তারা রাস্তায় নামবেন।
এদিকে সংবিধানে সংস্কারের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সরকার ১৭ সদস্যের কমিটির প্রস্তাব দিলেও বিরোধী দল এখনো নাম জমা দেয়নি। নাম জমা না দিলে বিরোধী দলকে ছাড়াই কমিটি গঠনের আভাস মিলেছে। আজকের অধিবেশনে এ নিয়ে সরব হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ঈদের ছুটির পর বিভাগীয় সমাবেশ কর্মসূচি নিয়েও ব্যস্ত ১১ দলীয় ঐক্য। ঘোষণা অনুযায়ী ১৩ জুন চট্টগ্রামে পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে। লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, সমাবেশের পাশাপাশি পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা আছে তাদের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন