জুন ৮, ২০২৬, ১২:৪১ পিএম
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। সোমবার কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল বা দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি এই পরিদর্শনে অংশ নেন।আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী লক্ষ্য করেন, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না।
তার আগমনের ১৫-২০ মিনিট পর তিনি অফিসে আসেন। এছাড়া কার্যালয়ের ৮ জন কর্মকর্তার মধ্যে মাত্র দুইজন উপস্থিত ছিলেন।সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে প্রতিমন্ত্রী সেবা প্রদানে দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি সিসিটিভি ফুটেজ যাচাই করে কর্মকর্তাদের উপস্থিতির সময়কাল পর্যবেক্ষণ করেন।
প্রতিমন্ত্রী তথ্য কেন্দ্র-কাম-হেল্প ডেস্কের দুর্বল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন এবং সংশ্লিষ্টদের শোকজ করার নির্দেশ দেন। এছাড়া সার্ভার সমস্যার কারণে নামজারি কার্যক্রম ব্যাহত হওয়ায় তিনি সার্ভার-সংক্রান্ত কাজে নিয়োজিতদের সতর্ক করেন।
সেবার মান ও কার্যকারিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী তথ্যকেন্দ্রটি ডেডিকেটেড জনবল দিয়ে পরিচালনার নির্দেশ দিয়েছেন। এই আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বার্তা দিয়েছেন মীর হেলাল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন