জুন ২১, ২০২৬, ০৪:২৯ পিএম
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক জরুরি আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা এই বিশেষ সরকারি আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।তাঁকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নতুন করে পদায়ন করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে এই জেলায় দায়িত্ব পালনের পর আজ তাঁকে আকস্মিকভাবে প্রত্যাহার করার প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রশাসনের এই আকস্মিক রদবদলকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় প্রশাসনিক পর্যায়ে বেশ আলোচনা চলছে।মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন তা পরবর্তী আদেশের মাধ্যমে খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন