রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৮:৪১ পিএম

উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকতে হবে: ডেপুটি স্পিকার

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কলমাকান্দার টেকসই ও আধুনিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ থাকার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।নেত্রকোনা-১ আসনের এই সংসদ সদস্য জানান, কলমাকান্দা উপজেলা সদরকে কেন্দ্র করে একটি পরিকল্পিত বাইপাস সড়ক ও মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে, বাজারের ওপর যানবাহনের চাপ কমবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। 

একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি জমির মূল্য বৃদ্ধি পাবে, যা স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে। ভবিষ্যতে এখানে পৌরসভা প্রতিষ্ঠা করে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সব নাগরিক সুবিধা নিশ্চিতের পরিকল্পনা রয়েছে।যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা ও ক্রীড়ার ওপর বিশেষ জোর দেন ডেপুটি স্পিকার। 

তিনি জানান, নতুন প্রজন্মের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এলাকায় একটি স্পোর্টস স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের টাকায় নির্মিত প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে তিনি ঠিকাদার ও প্রকৌশলীদের সতর্ক করেন। কলমাকান্দার সামগ্রিক উন্নয়ন কোনো একক ব্যক্তি বা দলের পক্ষে সম্ভব নয় বিধায় সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি মনে করেন।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম যৌথভাবে সঞ্চালনা করেন। সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ডেপুটি স্পিকার প্রস্তাবিত বাইপাস সড়ক ও কলমাকান্দা বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।