রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে ১ কোটির বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত: ডা. জাহিদ

জাতীয় ডেস্ক

জুন ২৫, ২০২৬, ১০:২১ পিএম

দেশে ১ কোটির বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত: ডা. জাহিদ

বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ২ লাখ ৬২ হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত এবং প্রতি বছর নতুন করে আরও প্রায় ৯ লাখ ৯৩ হাজার মানুষ এই জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। বৃহস্পতিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে রোগীকল্যাণ সমিতি আয়োজিত জন্মগত হৃদরোগীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তারা প্রতিদিন গড়ে শতাধিক মানুষের হৃদরোগে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এটি প্রতিরোধে দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।

দেশে প্রতি বছর প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ হৃদরোগ ও সংশ্লিষ্ট কারণে মারা যান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শারীরিক ব্যায়াম, ধূমপান বর্জন, খাবারে লবণ ও চর্বির পরিমাণ কমানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্ব দিয়ে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে।

এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সঙ্গে সমন্বয় করে নারী ও শিশু হৃদরোগীদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ চালু করার কথা উল্লেখ করেন তিনি। গত এক বছরে জটিল রোগীদের জন্য প্রায় ৩০০ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং নতুন বাজেটে বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য মোট ৬০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। 

হৃদরোগ চিকিৎসাকে সাধারণ মানুষের জন্য আধুনিক ও সুলভ করার পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে উন্নত যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সুসজ্জিত করার প্রক্রিয়া চলছে। অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে সরকার প্রতিবন্ধী, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করছে। 

আলোচনা সভা শেষে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০০ জন জন্মগত হৃদরোগী শিশুর মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।