জুন ২৫, ২০২৬, ১১:১০ পিএম
জাতীয় সংসদে দাঁড়িয়ে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার পক্ষে জোরালো বক্তব্য রাখার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি খাতের বাজেট বৈষম্য নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।
তিনি বলেন, দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে ধর্ম নিয়ে ব্যবসা বা উগ্রবাদী স্লোগান বন্ধ করা জরুরি। একই সাথে সমাজে প্রকৃত সভ্যতা ও মূল্যবোধ গড়ে তুলতে সংস্কৃতির বিকাশে বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি।সংসদে দাঁড়িয়ে দেশের বহুত্ববাদী সংস্কৃতির পক্ষে কথা বললেন ফজলুর রহমান।গাইবান্ধার পলাশবাড়িতে একটি রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় কিছু সংগঠনের বাধার তীব্র সমালোচনা করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায় তাদের মন্দিরে পূজা করবে আর মুসলিম সম্প্রদায় মসজিদে নামাজ পড়বে—এতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
এক পক্ষ অন্য পক্ষকে দেশ ছেড়ে চলে যাওয়ার স্লোগান দেওয়া কোনো সভ্য সমাজের অংশ হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন কোনো স্থাপনা নিয়মের বাইরে হচ্ছে তবে আইনি ব্যবস্থা নেবেন, কিন্তু ধর্মের দোহাই দিয়ে অস্থিরতা তৈরি করা গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করেন যে বহু ধর্মীয় ও বহু সংস্কৃতির মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করাই বাংলাদেশের মূল শক্তি হওয়া উচিত।
বাজেটে শিক্ষা ও সংস্কৃতি খাতের বরাদ্দে দৃশ্যমান বৈষম্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভাত এবং তরকারির সম্পর্কের মতো শিক্ষা এবং সংস্কৃতির সম্পর্কও অত্যন্ত নিবিড়। শিক্ষা খাতে বাজেট বাড়ানো হলেও সংস্কৃতির পরিপূরক বাজেট না বাড়ালে একটি সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব নয়। একটি খাতকে অনাহারে রেখে অন্য খাতটি সুন্দরভাবে চলতে পারে না বলে তিনি সতর্ক করেন।সংসদ সদস্য ফজলুর রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন ও নির্বাচিত ব্যবস্থার ধারাবাহিকতায় দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন