রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

২০ বছর পর নতুন ভিসানীতির খসড়া মন্ত্রিসভায়

জাতীয় ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০৮:৫৬ পিএম

২০ বছর পর নতুন ভিসানীতির খসড়া মন্ত্রিসভায়

দীর্ঘ ২০ বছর পর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি জানান, ২০০৬ সালের পর ২০২৬ সালে এসে নতুন করে এই ভিসা পলিসির খসড়া তৈরি করা হয়েছে।বিনিয়োগ ও পর্যটন খাতকে আকৃষ্ট করাই এর মূল লক্ষ্য।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সৌহার্দ্য বিনিময়ের অংশ হিসেবেই এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগ বাড়ানো ও পর্যটনকে গতিশীল করতে ভিসা পলিসিতে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। এর মধ্যে ভিসার ক্ষেত্রে মোট ৩৪টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এই প্রক্রিয়ার সার্বিক তদারকি ও সমন্বয়ের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

নতুন এই ভিসানীতির খসড়ায় বিভিন্ন দেশের জন্য আগের যেসব নিয়ম ছিল, তার বেশিরভাগই বহাল রাখা হয়েছে। বিশেষ করে যেসব দেশ আগে থেকেই কালো তালিকাভুক্ত ছিল, তাদের বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ, আগের তালিকাটি অপরিবর্তিত থাকছে।

দীর্ঘ দুই দশক পর এই পরিবর্তনের ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো এখন এই খসড়ার ভিত্তিতে চূড়ান্ত কাজ সম্পন্ন করবে। শিগগিরই এই নীতিমালা বাস্তবায়নের পরবর্তী ধাপগুলো জানিয়ে দেওয়া হবে বলে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে উল্লেখ করেছেন।