জুলাই ৩, ২০২৬, ০৬:২৫ পিএম
ঢাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।শুক্রবার (৩ জুলাই) এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশের সমর্থকদের আবেগ-উচ্ছ্বাসকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার এই ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহী।
প্রতিমন্ত্রী জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার বর্তমান তারকাদের ঢাকায় এনে একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা তার ও সরকারের রয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দুই দেশের ফুটবল কর্তৃপক্ষ, বাণিজ্যিক অংশীদার এবং আয়োজকদের সঙ্গে সমন্বয় করে বড় পরিসরের প্রস্তুতির প্রয়োজন হবে।
শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং দীর্ঘমেয়াদে দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিতে চায় সরকার। প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো একটি শক্তিশালী ফুটবল কাঠামো গড়ে তুলতে হবে।
এর জন্য প্রয়োজন শক্তিশালী অবকাঠামো, কার্যকর তৃণমূল কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।ঢাকায় এই ফুটবল মহারণ দেখার স্বপ্ন এখন অনেক ফুটবলপ্রেমীর মনেই নতুন আশার সঞ্চার করেছে। তবে মাঠের বাস্তবায়ন দেখার জন্য এখন দীর্ঘ প্রতীক্ষার পালা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন