রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৬:০৭ পিএম

বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগসহ সব ধরনের সুযোগ উন্মুক্ত হচ্ছে। শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।বর্তমান অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে মাথায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে একে লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাজেটে এর প্রতিফলন ঘটেছে এবং নদীর ওপারে ৬০০ একর জমিতে ফ্রি-জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো ও প্যাসেঞ্জার হাব হিসেবে উন্নত করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে, যাতে ভ্রমণের সময় দুই ঘণ্টা কমে আসে। মাতারবাড়িতেও বড় ধরনের অর্থনৈতিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে এই অঞ্চলে লজিস্টিক্যাল ও অর্থনৈতিক সম্ভাবনাকে পূর্ণমাত্রায় কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা সম্পন্ন করতে কয়েক বছর সময় লাগবে।

ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের বিষয়ে মন্ত্রী বলেন, বিগত সরকারের কাছ থেকে আমরা যে কঠিন পরিস্থিতি পেয়েছি, তা স্থিতিশীল করার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, তিন থেকে চার বছরের মধ্যে সমৃদ্ধি দেখা দেবে। ওয়ান ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।