রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‍‍`শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাব‍‍`: শিক্ষা প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০২:৩৫ পিএম

‍‍`শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাব‍‍`: শিক্ষা প্রতিমন্ত্রী

শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমিয়ে আনতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, বিদ্যমান শিক্ষাকাঠামো আরও সমৃদ্ধ করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের পাঠ ও লেখার দক্ষতার ঘাটতি দূর করা সম্ভব হয়।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বাস দেন।

শিক্ষার এই বৈষম্য নিরসনকে সরকার অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, নতুন কারিকুলাম প্রণয়নের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানের সমতা নিশ্চিত করা হবে। এই প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষার ভিত আরও মজবুত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।