রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৪:২৩ পিএম

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। সোমবার রাজধানীর একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের সমপরিমাণ অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভার সাম্প্রতিক এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি তার বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা থেকে প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর এই বিনয়ী প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশে সিজারিয়ান অপারেশনের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রসূতিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ কাজে লাগিয়ে কিছু দালালচক্র ও ক্লিনিক অপ্রয়োজনীয় সিজারিয়ান করতে বাধ্য করছে। চিকিৎসকদের প্রতি তিনি নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চলতি বছর স্বাস্থ্যখাতে এক লাখ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার বড় অংশই নারী মিডওয়াইফ। আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, অন্যথায় প্রতিষ্ঠান বন্ধসহ লাইসেন্স বাতিল করা হবে।