জুলাই ৬, ২০২৬, ১১:৪১ পিএম
দেশের স্বার্থে প্রতিটি নাগরিককে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, ভেজাল বিরোধী অভিযান ও মান নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। কমিটিকে আগামী এক মাসের মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ রিপোর্ট প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই-এর কর্মকর্তারা জেলা পর্যায়ে জনবলের অভাব, উন্নত ল্যাবরেটরির সংকট এবং অভিযান পরিচালনার সময় নিরাপত্তা ঝুঁকির মতো নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে তাদের কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিবর্তন করতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদের সদিচ্ছাও প্রয়োজন। তিনি উদাহরণ দিয়ে বলেন, শিক্ষিত সমাজ থেকেও লেক বা জলাশয়ে আবর্জনা ফেলার প্রবণতা দেখা যাচ্ছে, যা দুঃখজনক। সবাইকে সচেতনভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন