জুলাই ৯, ২০২৬, ০৬:২৬ পিএম
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকা ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন ৩৩তম বিসিএস ব্যাচের মিশু বিশ্বাস, জুয়েল চাকমা এবং ৩৬তম বিসিএস ব্যাচের মাহমুদুল হাসান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ৫৭ জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং আজ তিনজনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি কর্মকর্তাদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে।
বরখাস্তের তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিআইজি নূরে আলম মিনা, মো. আনিসুর রহমান, এ কে এম এহসানউল্লাহ, বিপ্লব বিজয় তালুকদার এবং টুটুল চক্রবর্তী।
তালিকায় আরও আছেন সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, রিফাত রহমান শামীম, সুদীপ কুমার চক্রবর্তী, সঞ্জিত কুমার রায়, উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীমসহ অনেকে।এর বাইরে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী কমিশনার পদমর্যাদার আরও অনেক কর্মকর্তাকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন