বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বন্যা পরিস্থিতি ও স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

জাতীয় ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ১১:৩৫ এএম

বন্যা পরিস্থিতি ও স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে দেশের প্রতিটি বন্যার্ত মানুষের পাশে রয়েছে। জনগণের নির্বাচিত এই সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও গভীর মমত্ববোধ নিয়ে বন্যার্ত মানুষের সুরক্ষায় কাজ করে যাচ্ছে এবং সরকারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা দ্রুতই স্বস্তির নিঃশ্বাস ফিরে পাবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতি নিজে এবং তাঁর টিম মেম্বারদের মাধ্যমে মনিটরিং করছেন।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রবল বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে জনমানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। শুক্রবার ক্ষতিগ্রস্ত জেলাগুলোর স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। উদ্ধার তৎপরতায় ডিসি, এসপি ও ইউএনওসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিটি পর্যায়ের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে জরুরি ভিত্তিতে দুই কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য, পানি ও স্যানিটেশন ব্যবস্থাকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে।

বন্যা পরিস্থিতির পাশাপাশি চিকিৎসার মানোন্নয়ন নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিক্যাল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান যেন জনগণ দেশীয় চিকিৎসাসেবার ওপর আস্থা রাখতে পারে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর চিকিৎসার খরচে বিদেশে প্রায় পাঁচ বিলিয়ন ডলার চলে যাচ্ছে। চিকিৎসকরা যদি মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাদানের মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করতে পারেন, তবে মানুষ বিদেশমুখী হবে না। তিনি উল্লেখ করেন, এ বছর জাতীয় বাজেটে শিক্ষা খাতের পর সবচেয়ে বেশি চিকিৎসা খাতেই বরাদ্দ রাখা হয়েছে, যা প্রায় ৭০ হাজার কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে চিকিৎসকদের মহান পেশার কথা স্মরণ করে বলেন, চিকিৎসকরা রোগে-শোকে কাতর মানুষের বড় ভরসা। রোগীদের সেবায় তাদের আরও মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।