জুলাই ১৩, ২০২৬, ০৩:০৮ পিএম
বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জের পূর্ব রহমতপুর এলাকায় পৌঁছান তিনি।সেনাসদস্যদের যুদ্ধকালীন প্রস্তুতি ও মহড়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে মহড়ার কৌশলগত দিক ও সেনাসদস্যদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। শত্রু ড্রোন শনাক্ত ও প্রতিরোধে অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রমও প্রত্যক্ষ করেন সরকারপ্রধান।
নিজে একটি সেনা পরিবারে বেড়ে ওঠায় সেনাসদস্যদের মাঝে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে বলে জানান প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে মিশে যান তিনি। একপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে মাটিতে বসে সময় কাটান এবং তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন তিনি — যেখানে মেনুতে ছিল সাদা ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি ও ডিমের তরকারি।
সেনাসদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিত করায় সেনাবাহিনী পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মর্যাদা ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন