জুলাই ১৫, ২০২৬, ০৭:০১ পিএম
জাতীয় সংসদে বক্তব্যের শুরুতে শাপলা শহীদদের স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের কার্যক্রমের শুরুতেই তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি দেশের ভবিষ্যৎ রাজনীতির প্রেক্ষাপট ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পকে সমর্থন জানানোর জন্য আমি বিরোধী দলের সংসদ সদস্যদের অভিনন্দন জানাই। দেশের জনকল্যাণমুখী প্রকল্পগুলোতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবার সহযোগিতা দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি আমরা স্বৈরতন্ত্রকে রুখতে চাই, তবে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে। কেবল রাজনৈতিক স্থিতিশীলতা নয়, অর্থনৈতিক স্বনির্ভরতাও একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রধান নিয়ামক।
সংসদের অধিবেশনে এর আগে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা তৈরির বিষয়ে কথা বলেন। তিনি জানান, দীর্ঘ সময় পার হলেও শহীদদের একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির ক্ষেত্রে অনেক সময় রাজনীতি টেনে আনা হয়েছে। বর্তমান সরকার এটিকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে এবং নির্ভুল তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে।শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন