জুলাই ১৮, ২০২৬, ১১:০৮ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের `করবী` হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সরকারের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা এতে অংশগ্রহণ করবেন।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। সরকারের গত পাঁচ মাসের কার্যক্রম, গৃহীত নীতি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এই সংবাদ সম্মেলনে আলোচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, প্রশাসনিক স্বচ্ছতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে আসছে। পাঁচ মাস পূর্তির এই সংবাদ সম্মেলনে সরকারের এসব কর্মকাণ্ডের সারসংক্ষেপ ও সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, সরকারের এই সময়ের অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরাই হবে এই ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন