জুলাই ২০, ২০২৬, ০৭:৩২ পিএম
জন্মগত জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তার। পরিবারটি তার চিকিৎসা ব্যয় বহনে অক্ষম হওয়ায় অসহায় অবস্থায় দিনাতিপাত করছিল। গণমাধ্যমে শিশুটির অসুস্থতার খবর প্রকাশিত হলে তা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এবং পরিবারটির খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশে শিশু আনিফার চিকিৎসার সার্বিক সমন্বয় শুরু হয়েছে।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়।
তারা শিশুটির চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড আনিফার শারীরিক অবস্থা ও পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে। বোর্ড জানিয়েছে, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটাপন্ন।
মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বাংলাদেশে পৌঁছালে আনিফার জটিল রোগের বিষয়টি তাদের সামনে উপস্থাপন করা হবে। দেশীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে চীনা দলের পরামর্শের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বিদেশে পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিনিধি দলের সদস্যরা আনিফার পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন যে, শিশুটির চিকিৎসার বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে তারা পরিবারের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক সহমর্মিতা ও শুভকামনার বার্তা পৌঁছে দেন। শিশুটির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন