জুলাই ২১, ২০২৬, ০৩:২২ পিএম
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কেবল চিকিৎসানির্ভর না হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থাকে সবচেয়ে কার্যকর হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
নগর পরিচ্ছন্নতা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন তিনি।পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হচ্ছে।প্রতিমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেছেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে মাঠে কাজ করতে হবে।
পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। নির্মাণাধীন ভবনগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার কথা বলেন তিনি। এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
সভায় বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকদের কাছ থেকে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জেনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মীর শাহে আলম। প্রশাসকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে নতুন গতি এসেছে বলে মন্তব্য করেন তিনি। সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে কার্যক্রম আরও বিস্তৃত করার তাগিদ দেন প্রতিমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন