রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল ইসি

জাতীয় ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৭:৩৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল ইসি

ছবি - সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা প্রার্থী হতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠক শেষে ইসির জনসংযোগ শাখার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।অক্টোবর থেকে এই নির্বাচন শুরু হতে পারে।ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানিয়েছেন, বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বৈঠকে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এই আইনি কাঠামো চূড়ান্ত করার পরই ভোটগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

নির্বাচন কমিশনের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আগামী একত্রিশ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যেকোনো সময় এসব পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।