জুলাই ২১, ২০২৬, ১০:২৬ পিএম
বাংলাদেশে একটি গুণগত মানসম্পন্ন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণে এই সভার আয়োজন করা হয়।স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করা জরুরি।অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, সারাদেশ থেকে রোগীরা উন্নত চিকিৎসার আশায় এই বিশেষায়িত হাসপাতালে আসেন।
চিকিৎসাসেবার মান এমন পর্যায়ে উন্নীত করতে হবে যাতে রোগীদের বিদেশে বা বেসরকারি হাসপাতালে পাঠানোর প্রয়োজন না হয়। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংবিধান ও জনগণের প্রতি সরকারের পূর্ণ দায়বদ্ধতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান। স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য খাতের বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তা, চিকিৎসক নেতা এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম ডা. আব্দুল কুদ্দুসের বর্ণাঢ্য কর্মজীবন ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন