জুলাই ২৫, ২০২৬, ০৪:০০ পিএম
বিগত সরকারের আমলের সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে দেশের পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।সে অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার কাজ করছে।শনিবার বেলা এগারোটার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ পঞ্চাশ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের পঞ্চাশ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে একশত এক শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় হাসপাতালটির বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা স্বচক্ষে দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ ও দরিদ্র মানুষ প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত হলেও হাসপাতালের বিভিন্ন স্থানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বাথরুমে সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনাস্থলেই তিনি সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পর তিনি হাসপাতালের পাশের একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত একশত এক শয্যায় উন্নীত করার টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে মন্ত্রী জানান।পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন