রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জাতীয় ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৪:৫৯ পিএম

মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আর্থিক অনটন যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেই প্রত্যয় নিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি এক মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পুরো দায়িত্ব গ্রহণ করেছেন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের সেলিম রেজার ছেলে শফিউল ইসলাম নীরব। তবে পরিবারের চরম আর্থিক অসচ্ছলতার কারণে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। 

বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত ওই শিক্ষার্থীর খোঁজখবর নেন এবং তাকে সাক্ষাতের জন্য ডাকেন। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেধাবী শিক্ষার্থী নীরবকে ডেকে নেন প্রতিমন্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা তার হাতে তুলে দেন। শুধু ভর্তি পরীক্ষাই নয়, ভবিষ্যতে তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

প্রতিমন্ত্রীর এমন তাৎক্ষণিক ও মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থী নীরব। তিনি বলেন, এই সহযোগিতা তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথকে অত্যন্ত সহজ করে দিয়েছে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে এলে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন এভাবে অঙ্কুরে বিনষ্ট হবে না বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।