জুলাই ২৬, ২০২৬, ০৭:৩৮ পিএম
গণঅভ্যুত্থান পরবর্তী জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি জনবান্ধব ও সেবামুখী সংস্থায় রূপান্তর করতে `পুরস্কার ও তিরস্কার` নীতি বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান যে সততা, সাহসিকতা ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও সদস্যদের যথোপযুক্ত সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। পক্ষান্তরে, যেসকল সদস্য আইন ভঙ্গ করে জনগণের সেবাপ্রাপ্তিতে বাধা সৃষ্টি করবেন কিংবা যেকোনো ধরনের অপকর্মে জড়াবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক নানা আলোচিত ইস্যুতে সরকারের পরিষ্কার অবস্থান তুলে ধরেন মন্ত্রী।
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধারকৃত ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এটি কোনো বিশেষ ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে করা হয়েছে এমন দাবির সুনির্দিষ্ট ভিত্তি নেই। তিনি উল্লেখ করেন যে বিষয়টি মূলত কাকতালীয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুততম সময়ে তা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। পুরো ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলে ধরলে মন্ত্রী জানান, সংবিধানের সংশ্লিষ্ট ধারা মেনে স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছিল এবং তা গৃহীত হয়েছে। নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনকালীন সময়ে তিনি যে সাংবিধানিক সুরক্ষা পেতেন তা বলবৎ থাকবে। বর্তমানে আইন মেনে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ, প্রেসিডেনশিয়াল গার্ড রেজিমেন্ট বা পিজিআর এবং পুলিশের সমন্বয়ে তাঁকে সার্বিক নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
চলতি বছর পুলিশ সপ্তাহে পদক প্রদান না করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাড়াহুড়ো করে তৈরি প্রাথমিক তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তা পুনর্বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই পুনরায় বাছাই প্রক্রিয়া শেষ করে যোগ্য পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেওয়া হবে।উক্ত অনুষ্ঠানে সাহসিকতা ও জনসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৯ জন পুলিশ সদস্যের হাতে নগদ অর্থ ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
এর মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ঢাকা রেলওয়ে থানার যৌথ উদ্যোগে ৩০ মিনিটের মধ্যে প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্ট উদ্ধারকারী ৭ জন এবং ছিনতাইকারী গ্রেফতারকারী ২ জন ট্রাফিক সার্জেন্ট রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন