জুলাই ২৭, ২০২৬, ০৮:৪৫ পিএম
ক্রীড়াকে পেশা ও জীবনধারণের টেকসই মাধ্যম হিসেবে রূপান্তরের লক্ষ্যে আয়োজিত `নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬` প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের জমকালো সমাপনী ও আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত বিজয়ী শিশু-কিশোরদের হাতে শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপস্থিত হয়েই তিনি সুসজ্জিত মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে সমবেত হাজারো শিশু-কিশোর ও দর্শকদের অভিবাদনের জবাব দেন এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।খুদে ক্রীড়াবিদদের এই মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।অনুষ্ঠানের নির্ধারিত পর্ব অনুযায়ী প্রধানমন্ত্রী বালিকা বিভাগের উত্তেজনাপূর্ণ ফাইনাল ফুটবল ম্যাচ এবং বালিকা ও বালক বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট দৌড় প্রতিযোগিতা সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করেন।

প্রতিযোগিতা শেষে তিনি মাঠের নির্দিষ্ট মঞ্চে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন এবং মাঠে ক্ষুদে অ্যাথলেটদের পরিবেশিত দৃষ্টিনন্দন ডিসপ্লের প্রশংসা করেন। `স্বপ্নের পথে, বিজয়ের সাথে` এই বার্তা নিয়ে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া উৎসবের শুভ সূচনা হয়েছিল।`ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা` মূলভাবকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় সারাদেশের আটটি বিভাগে মূল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় এক লাখ ৭০ হাজার প্রতিশ্রুতিশীল শিশু-কিশোর আটটি ভিন্ন ক্রীড়া ক্যাটাগরিতে সরাসরি অংশ গ্রহণ করে। তরুণ প্রজন্মের সুপ্ত শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশে তৃণমূল পর্যায়ের এই আয়োজন জাতীয় ক্রীড়াঙ্গনে বড় প্রভাব ফেলবে বলে উদ্যোক্তারা আশাবাদ প্রকাশ করেন।খেলোয়াড়দের যথাযথ সুযোগ-সুবিধা দিলে দেশের ক্রীড়া খাত নতুন উচ্চতায় পৌঁছাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন