শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

রক্তে ভেজা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা আজিজুর

জাতীয় ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ০৬:৪৫ পিএম

রক্তে ভেজা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা আজিজুর

জুলাই গণআন্দোলনের উত্তাল দিনগুলোতে মাথার রক্তক্ষরণ ঠেকাতে যে জাতীয় পতাকা মাথায় বেঁধেছিলেন, রক্তে ভেজা সেই পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুরুতর আহত শিক্ষার্থী শেখ আজিজুর রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর তাকে সচিবালয়ে ডেকে পাঠানো হয়। 

ওই সংবাদে তুলে ধরা হয়েছিল যে, জুলাই আন্দোলনে গুরুতর আহত হওয়ার পরও কেবল ছাত্রদল করার কারণে তিনি এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে তার পুরো ঘটনা শোনেন এবং লেখাপড়া, চিকিৎসা ও বর্তমান জীবন সংগ্রামের খোঁজ-খবর নেন।আজিজুর রহমান সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনে মিরপুর দশ নম্বর ফ্লাইওভারে জাতীয় পতাকা হাতে নিয়ে তিনি আলোচনায় আসেন। আন্দোলনের দিনগুলোতে পুলিশের গুলিতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ছত্রিশটি বুলেটের স্প্লিন্টার বিদ্ধ হয়। প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে তিনি মাথার ক্ষত ঢাকতে নিজের কাছে থাকা জাতীয় পতাকা দিয়েই মাথা বেঁধে নেন। সেই রক্তমাখা পতাকাই রাজপথে তার অদম্য সাহসিকতার প্রতীক হয়ে ওঠে। পরে উনিশ জুলাই পুলিশ তাকে আটক করে এবং দুই দিনের রিমান্ড শেষে একুশ জুলাই তিনি মুক্তি পান।

কিন্তু এত বড় ত্যাগের পরও গত দুই বছরেও তিনি জুলাই যোদ্ধার স্বীকৃতি পাননি। সংসার ও পড়াশুনার খরচ চালাতে তাকে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে। বর্তমান জীবনযাত্রার এই কঠিন সংগ্রামের কথাগুলো শোনার পর প্রধানমন্ত্রী তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন আজিজুর। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পেরে এবং নিজের কষ্টের কথা জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তার বহুদিনের সুপ্ত ইচ্ছা ছিল এই রক্তমাখা পতাকাটি নিজ হাতে প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়া, যা আজ বাস্তবে রূপ নিয়েছে।