আগস্ট ১, ২০২৬, ১২:৩৬ পিএম
যথাযথ যত্ন ও পরিচর্যার অভাবেই তারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সকালে রাজধানীর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সুস্থ ও সবল জাতি গঠনের জন্য শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।
মায়ের বুকের দুধের বিকল্প নেই বলে স্পষ্ট জানিয়েছেন মন্ত্রী।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মায়ের বুকের দুধ শিশুর জন্য উচ্চমাত্রার প্রোটিনের প্রধান উৎস। কিন্তু বর্তমান সময়ে আধুনিকতার নামে অনেক সময় শিশুদের মায়ের দুধ থেকে বঞ্চিত করা হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে দেশে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অল্প বয়সে বিয়ে এবং কম বয়সে সন্তান জন্মদানের ফলে মা ও শিশু উভয়ই বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির শিকার হচ্ছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, শিশুর সঠিক যত্ন না নেওয়া এবং বুকের দুধ পান না করানোর কুফল সম্পর্কে দেশের প্রতিটি পরিবারকে সচেতন করতে হবে। এ সময় দেশের সকল জেলার সিভিল সার্জন, জেলা প্রশাসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় মাতৃদুগ্ধ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।সুস্থ জাতি গঠনে মায়েদের সচেতন করার বিকল্প নেই উল্লেখ করে তিনি দেশব্যাপী এই কার্যক্রম সফল করার ওপর গুরুত্বারোপ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন