আগস্ট ১, ২০২৬, ০৮:২৮ পিএম
দেশব্যাপী পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। উগ্রবাদী সংগঠনের সদস্য কিংবা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনের ওপর হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পাওয়া গেছে। এই সংবাদের ভিত্তিতে মাঠপর্যায়ের সব পুলিশ ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে দেশজুড়ে এই জরুরি বার্তা পাঠানো হয়।পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সামান্যতম শিথিলতা বা অবহেলাও বরদাশত করা হবে না। বিশেষ করে ডিউটির সময় এবং কর্মঘণ্টা শেষে পার্কিং করা প্রতিটি যানবাহনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।
দায়িত্ব পালনকালে কোনো পুলিশি যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশ সদস্যদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে।কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফাঁকা ফেলে রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ জনশূন্য বা নজরদারির বাইরে কোনো পুলিশি যানবাহন রাখার সুযোগ নেই।
এছাড়া থানা, পুলিশ লাইনস, অফিস চত্বর কিংবা নির্দিষ্ট স্থানে পার্ক করা সব সরকারি যানবাহনের ক্ষেত্রে নিয়মিত টহল ও প্রয়োজনীয় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দ্রুত শনাক্ত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন